আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় নাটকীয় এক ঘটনার জন্ম হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মধ্যকার ম্যাচকে ঘিরে। বিকেলে অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। তবে ম্যাচ শেষ হওয়ার প্রায় ৬ থেকে ৭ ঘণ্টা পর ফাউল ও মারামারির অভিযোগ তুলে মধ্যরাতে ফলাফল পরিবর্তন করে শাবিপ্রবিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
এ ঘটনায় খেলোয়াড়, শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ম্যাচ চলাকালীন যদি কোনো গুরুতর ফাউল, বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে, তাহলে তখনই কেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি।
সাধারণত মাঠের ঘটনায় তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব থাকে রেফারি ও ম্যাচ কর্মকর্তাদের ওপর। প্রয়োজনে খেলোয়াড়কে হলুদ বা লাল কার্ড দেখানো, নিষেধাজ্ঞা দেওয়া কিংবা অন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু ম্যাচ শেষ হওয়ার দীর্ঘ সময় পর ফলাফল পরিবর্তনের সিদ্ধান্ত কতটা নিয়মসঙ্গত ও গ্রহণযোগ্য—সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গনে এমন সিদ্ধান্ত নজিরবিহীন বলেও মন্তব্য করেছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে চলছে তীব্র প্রতিক্রিয়া। অনেক শিক্ষার্থী নিরপেক্ষ তদন্ত ও আয়োজকদের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের খেলা পরিচালনা ও শৃঙ্খলা কমিটির যৌথ মিটিংয়ে এই বিষয়ে সিদ্ধান্তের খবর পাওয়া যায়। যেখানে খেলায় ১-০ গোলে রাবি এগিয়ে থাকার পরও খেলায় রাবির ভুল প্রতীয়মান হওয়ায় কর্তৃপক্ষ তাদের প্রতিপক্ষ শাবিপ্রবিকে বিজয়ী ঘোষণা করে।
যৌথ কমিটি সূত্রে জানা যায়, খেলা শেষ হওয়ার ২ মিনিট পূর্বে শাবিপ্রবি রাবির বিপক্ষে ফ্রি-কিক পায়। ফ্রি কিকের প্রস্তুতির সময়ে হঠাৎ করে রাবির খেলোয়াড় অভিমালো (জার্সি নং-১১) শাবিপ্রবি খেলোয়াড় সাব্বির হোসেন (জার্সি নং-১৭) কে কোনো প্রকার উসকানি ছাড়া ঘুসি মারে। এমতাবস্থায় সাব্বির রক্তাক্ত হয় (হাসপাতালে নিয়ে চোখের উপরে কপালে তাকে চারটি সেলাই দিতে হয়)। এ ঘটনার পরিপ্রেক্ষিতে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয় এবং উক্ত খেলাটি অমীমাংসিত অবস্থায় শেষ হয়।
যৌথ কমিটির মিটিংয়ে খেলা পরিচালনা কমিটির সাংগঠনিক সদস্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। এছাড়া চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন অনলাইনের মাধ্যমে মিটিংয়ে যুক্ত ছিলেন। সভায় রেফারি ও দুই দলের ম্যানেজারের বক্তব্য গ্রহণ করা হয়।
এই ঘটনায় তারা যৌথ মিটিংয়ে তিনটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন ঃ
১) বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৬ এর নিয়মাবলী (বাইলজ) ১০ ও ১২ অনুসারে উক্ত খেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় দলের বিপক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দলকে বিজয়ী ঘোষনা করা হয়।
২) উক্ত পরিস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় খেলোয়াড় অভিমালো (জার্সি নং ১১) কে অখেলোয়াড় সুলভ ও মারমুখি আচরণের কারণে প্রয়োজনীয় শান্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে বিষেশভাবে অনুরোধ করা হয়। একইসাথে ঘঠনার পরিক্রমায় সংঘর্ষে লিপ্ত হওয়ায় শাহরুল ইসলাম (জার্সি নং ৫) কে সতর্ক করার জন্যও রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়।
৩) উক্ত ঘটনার পরবর্তী সময়ে অখেলোয়াড়ী সুলভ আচরণের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দলের দুইজন খেলোয়াড় (১) ফারহান তামিম দিপ্ত (জার্সি নং ২২) এবং (২) আসাদুল হাবিব (জার্সি নং ১১) কে উক্ত টুর্নামেন্টের পরবর্তী সকল খেলা থেকে বহিষ্কার করা হয়।
উল্লেখ্য, মিটিংয়ে আরো উপস্থিত ছিলেন, চবি প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, চবি ছাত্র- ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. হাবিবুর রহমান জালাল, শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মো. রাশেদ বিন আমিন চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার (শারীরিক শিক্ষা বিভাগ) জালাল আহমদ, প্রশিক্ষক মোহাম্মদ আবদুল মোমিন মামুন ও কে.এম. ত্বা-হা ওয়াসীফ অর্নব, সেকশন অফিসার, মো. হাফিজুর রহমান, চাকসুর ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন ও শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শোয়াইব।

একটি মন্তব্য পোস্ট করুন