৩ মাসের জন্য দায়িত্ব নিয়ে বিসিবি সভাপতির আসনে বসেছেন তামিম ইকবাল। যদিও সাবেক এই অধিনায়ক নির্বাচনে অংশ নেবেন, তাই তার সামনে সুযোগ আছে নির্বাচিত কমিটিতে ৪ বছরের জন্য সভাপতি হওয়ার। অন্তত তার সাবেক সতীর্থ সাকিব আল হাসান এমনটাই চান।

সম্প্রতি ভারতের মুম্বাইয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে সাকিব জানান, তামিমকে পরবর্তী নির্বাচনে বিসিবি সভাপতি হিসেবে বিজয়ী দেখতে চান তিনি। একইসাথে তামিমের মেধা ও পরিকল্পনায় বাংলাদেশ ক্রিকেট উপকৃত হবে বলেও বিশ্বাস তার।

সাকিব বলেন, 'সে এখনও নির্বাচিত সভাপতি হয়নি। মূলত নির্বাচন আয়োজনের জন্য দায়িত্ব পেয়েছে। আশা করি নির্বাচিত কমিটিতেও সে সভাপতি হবে। তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। অবশ্যই বাংলাদেশ ক্রিকেট ওর দ্বারা উপকৃত হবে।'

সাম্প্রতিক সময়ে বিসিবিতে বারবার পরিবর্তন এলেও সাকিবের দেশে ফেরার বিষয়টির সুরাহা হয়নি এখনও। ফারুক আহমেদের বোর্ড থেকে শুরু, এরপর আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডে সাকিবকে ফেরানোর তোরজোড় শুরু হয়। সেই বোর্ড এখন অতীত, দায়িত্ব এখন তামিমদের কাঁধে। সাকিবের কি ফেরা হবে?

সাবেক এই অধিনায়ক অবশ্য আশায় বুক বাঁধছেন। এখনও স্বপ্ন দেখছেন, দেশে এসে খেলতে পারবেন নিজের বিদায়ী ম্যাচ। 

তিনি বলেন, 'দেখা যাক। আশা করি সব আস্তে আস্তে ভালো হবে। আমি আশাবাদী, আমার চাওয়া পূরণ হবে।'

Post a Comment

নবীনতর পূর্বতন